ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের বিচারহীনতার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) দেশটির ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বিবৃতিতে ইরান এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়মুক্তির সংস্কৃতি বন্ধে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইরান স্মরণ করিয়ে দেয়, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানের একটি সরকারি অতিথিশালায় গোপনে স্থাপন করা বোমার বিস্ফোরণে ইসমাইল হানিয়াহ নিহত হন। সে সময় গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতামূলক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্রীকরণসংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করলেও গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও প্রাণঘাতী হামলার তীব্রতা কমেনি; বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে তেহরান।
সূত্র: আল জাজিরা।
