যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনা প্রক্রিয়ায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, চীন আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে সহযোগিতা করছে, তবে তারা নতুন কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না।
সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘেই জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংক্রান্ত আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। পাশাপাশি কাতারও প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, চীনসহ কয়েকটি দেশ সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখলেও আলোচনার কাঠামোতে নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে সংঘাত চলছে, তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়; বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
বাঘেই আরও বলেন, গত পাঁচ মাসে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করে মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা বাড়িয়েছে। তার ভাষ্য, এ পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর জন্য উত্তেজনা প্রশমিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগ নেওয়া স্বাভাবিক ও প্রয়োজনীয়।
সূত্র: আল জাজিরা।
