ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই সতর্ক করে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি এবং প্রাণহানির মুখে পড়তে পারে।
সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান নীতি পরিবর্তন করতে হবে। অন্যথায় ইরান এ পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো নৌ করিডোর চালুর অনুমতি তেহরান দেবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অবরোধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করে দেওয়া এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে।
