বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন ডা. তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অতিরিক্ত বিল নিয়ে মানুষের উদ্বেগের জবাবে কর্তৃপক্ষের হুমকিমূলক অবস্থান গ্রহণ করা উচিত নয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাসনিম জারা লেখেন, “মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এ প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।”
তিনি দাবি করেন, তাঁর পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করছেন। তাঁর ভাষ্য, এসব ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়া এলাকার বিভিন্ন কমিউনিটি গ্রুপে একই ধরনের অভিযোগ করছেন বহু মানুষ। তাঁর মতে, যখন সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তখন তাদের উদ্বেগের জবাবে হুমকির ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তাসনিম জারা লেখেন, “ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।”
সাম্প্রতিক সময়ে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটেই ডা. তাসনিম জারার এ মন্তব্য সামনে আসে।
