বিশ্বকাপের দলসংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ লক্ষ্যে একটি স্বাধীন সংস্থা নিয়োগের পরিকল্পনা করা হয়েছে এবং আগামী ১৪ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
ফিফার প্রকাশিত একটি নথি অনুযায়ী, সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ৭ আগস্টের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। নির্বাচিত সংস্থাকে ১১ সেপ্টেম্বরের মধ্যে তাদের বিশ্লেষণ প্রতিবেদন জমা দিতে বলা হবে।
মূল্যায়নে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের বাণিজ্যিক সম্ভাবনা, বৈশ্বিক বাজারের চাহিদা এবং আন্তর্জাতিক ফুটবলের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে ম্যাচসূচির চাপ, প্রতিযোগিতার মানে সম্ভাব্য প্রভাব, আয়োজনের জটিলতা এবং বাজারে অতিরিক্ত সরবরাহের ঝুঁকিও বিবেচনায় নেওয়া হবে।
প্রতিবেদনে সংস্থাটিকে স্পষ্ট মতামত দিতে হবে—বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-এ উন্নীত করা ফুটবলের বৈশ্বিক বিস্তার ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে, নাকি সম্ভাব্য জটিলতার কারণে এটি উল্টো নেতিবাচক প্রভাব ফেলবে।
এ মূল্যায়ন এমন সময়ে শুরু হচ্ছে, যখন ফিফা সম্প্রতি তাদের বাণিজ্যিক কার্যক্রম পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল সংস্থাটি।
তবে সদস্য দেশগুলোর কয়েকটি ফুটবল সংস্থার তীব্র আপত্তির পর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।
শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “সব পক্ষের মতামত শোনার পর আমরা বুঝতে পেরেছি, এই পরিকল্পনা ফুটবল অঙ্গনে বিভক্তি তৈরি করেছে। তাই এটি আর আমাদের মূল লক্ষ্য পূরণে সহায়ক নয়।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য সবসময় ফুটবলকে এক করা এবং আরও উন্নত করা। তাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।”
এর আগে গত মঙ্গলবার ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেয়। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যমানের এ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের যুক্ত করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল সংস্থাটির। প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকত বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনা।
এই প্রস্তাবের সবচেয়ে কড়া বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এমনকি বৃহস্পতিবার ফিফার প্রতিযোগিতা বয়কটের পক্ষেও ভোট দেয় সংস্থাটির সদস্যরা।
এদিকে, বাণিজ্যিক কাঠামোর পরিকল্পনা স্থগিত হলেও ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ফিফার নতুন মূল্যায়ন আন্তর্জাতিক ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর রয়েছে ১৪ আগস্টের সিদ্ধান্ত এবং পরবর্তী সম্ভাব্যতা প্রতিবেদনের দিকে।
