দেশজুড়ে মাদকের মূলহোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে তালিকাটি চূড়ান্ত করার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে সরকার কোনো ধরনের আপস করবে না। বিশেষ করে ইয়াবার ভয়াবহ প্রভাব দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি জানান, কক্সবাজারের মাদক পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মাদক চোরাচালানের সব রুট চিহ্নিত করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।
এ ছাড়া স্থলপথের পাশাপাশি জলপথে মাদক পাচার ঠেকাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। মাদক পাচারে বাহক বা ‘ক্যারিয়ার’ হিসেবে যারা কাজ করছে, তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় ও ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
