কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের মামলার জট কমে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরীক্ষাগারটি চালু হলে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার প্রতিবেদন দ্রুত পাওয়া সম্ভব হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন পরীক্ষাগার চালু হলে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। এর ফলে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের গতি বাড়বে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমবে।
তিনি বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশ উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকৃতি সংরক্ষণ নিশ্চিত করেই সব ধরনের অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেন তিনি।
