নীলফামারীর সৈয়দপুরে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে অংশ নেন আন্নাবিউল উম্মি।
আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে। তিনি কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের প্রাথমিক সেবা গ্রহণের পরই তিনি পরীক্ষায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর দুপুরে তিনি পরীক্ষাকেন্দ্রে গিয়ে নির্ধারিত সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা শেষে আন্নাবিউল উম্মি বলেন, “অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি। সবার কাছে আমার ও আমার নবজাতক সন্তানের জন্য দোয়া চাই।”
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, সেদিন সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়টি জানার পর তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে কেন্দ্রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ একটি উপহারও দেওয়া হয়।
পরীক্ষার্থীর এই দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি অঙ্গীকার স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পরই তিনি পরীক্ষায় অংশ নেন।
