শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের ১৬ বছর বয়সী ফারাবি জাবিন শায়রি। শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান এবং পথশিশুদের নিয়ে সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এ মনোনয়ন পেয়েছেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় শায়রির নাম প্রকাশ করা হয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এ পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। চলতি বছর ৫৭টি দেশের ২৮০ জন শিশু মনোনীত হয়েছেন।
ফারাবি জাবিন শায়রি শেরপুর সদরের বাসিন্দা। তিনি শেরপুরের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়েছেন। পরে ঢাকায় তাঁর কার্যক্রম সম্প্রসারিত করে পথশিশুদের সঙ্গে সরাসরি কাজ শুরু করেন।
শিশুদের অধিকার রক্ষায় তিনি একটি উদ্যোগ গড়ে তুলেছেন, যার মূল ভাবনা—স্কুল হবে শিশুদের জন্য ‘দ্বিতীয় বাড়ি’। এর আওতায় তিনি ‘সেফ চাইল্ড ক্লাব’ প্রতিষ্ঠা করেছেন। সেখানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ, নির্যাতন বা শিশুশ্রমের মতো বিষয় নিরাপদে জানাতে পারে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সম্প্রতি একটি নির্বাচনের সময় শায়রি পথশিশুদের নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করেন। এসব ভিডিওতে জাতীয় পর্যায়ে বিভিন্ন অগ্রগতি হলেও পথশিশুদের জীবনযাত্রায় তেমন পরিবর্তন আসেনি—এমন বিষয় তুলে ধরা হয়।
মনোনয়ন প্রসঙ্গে শায়রি বলেন, এ মনোনয়ন তাঁর জন্য শুধু স্বীকৃতি নয়, শিশুদের অধিকার নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই তিনি বিশ্বাস করেন, পরিবর্তনের জন্য বড় হওয়ার অপেক্ষা করতে হয় না। শিশুরাও শিশুদের জন্য আওয়াজ তুলতে পারে।
তিনি আরও বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও বেশি শিশু ও তাদের অধিকার নিয়ে কাজ করার সাহস দেবে। পুরস্কার পান বা না পান, শিশুদের জন্য তাঁর কাজ চলমান থাকবে।
