রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে বিএনপির অনীহা রয়েছে। তাঁর দাবি, বিএনপি আগের সরকারগুলোর মতোই এগোচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা থাকলেও বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, বিএনপি সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হলে ক্ষমতাসীন ও বিরোধী দল সম্মিলিতভাবে একজনকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারত। কিন্তু বিএনপি তা করেনি। এ কারণে ১১–দলীয় ঐক্য নিজেদের পক্ষ থেকে পৃথক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার সংসদ সদস্যদের। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য একজন সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থন প্রয়োজন হয়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। দলটি ইতিমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
