জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৮ আগস্ট) তিনি এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন। সেখানে তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দায়িত্ব ও মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন।
এ ছাড়া সফরে দুই অঞ্চলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে সেনাপ্রধানের।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের কর্মসূচি শেষে দেশে ফিরবেন।
