ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সরকারি সূত্রও বন্দরে হামলার কথা জানিয়েছে। তবে হুথিদের দাবির বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, মোখা এলাকায় সৌদি ‘শত্রু’ সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে তাঁদের বাহিনী ‘বড় পরিসরের ও নিখুঁত’ অভিযান চালিয়েছে।
ইয়েমেন টুডে টেলিভিশন এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন আল-মোখা বন্দরে এসব হামলা চালানো হয়।
ইয়েমেন টুডের প্রতিবেদনে বন্দরের পরিচালকের বরাত দিয়ে বলা হয়েছে, বন্দরের বিভিন্ন স্থাপনায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অবস্থিত ঐতিহাসিক বন্দরনগরী মোখা দেশটির দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে সামরিক ও বাণিজ্যিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।
লোহিত সাগরের এই উপকূলীয় অঞ্চল বর্তমানে বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে বিভক্ত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশাপাশি হুথি এবং বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিও রয়েছে এলাকাটিতে।
সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মোখা ও আশপাশের বন্দরগুলোর কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
লোহিত সাগর ও ইয়েমেনের উপকূলীয় অঞ্চল ঘিরে সামরিক সংঘাত দীর্ঘদিন ধরে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার গুরুত্বপূর্ণ অংশ। হুথিরা বিভিন্ন সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। তাদের বিরোধী পক্ষগুলোর পক্ষ থেকেও পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে।
মোখা বন্দরে সর্বশেষ হামলার দাবি এই অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
