রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আখতারুজ্জামানকে গ্রেফতার করেন। পরদিন ৬ আগস্ট তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে সেদিন মামলার মূল নথি আদালতে না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আখতারুজ্জামানের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেফতার, তাদের কথিত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ এবং হেফাজতে থাকা ককটেল বোমার উৎসসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। অভিযোগ অনুযায়ী, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ছাড়া সেখানে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও আনা হয়েছে।
ওই ঘটনার পর পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলাটির তদন্তের অংশ হিসেবে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয় এবং এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
