ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চেয়েছে ঢাকা।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে এসব অনুরোধ জানানো হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ওসমান হাদি হত্যা মামলায় জড়িত আসামিদেরও দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দেন। বাংলাদেশকে হেয় করে দিল্লি কোনো পদক্ষেপ নেবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব।
গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের দিনই তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন করেন এবং পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেন।
এরপর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় এই কূটনীতিক। পরে ৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় দীর্ঘ বৈঠক করেন তিনি।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী।
