বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে সফরটি নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
সরকারের একটি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এই ঢাকা সফর। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে।
পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারির দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন।
ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও সরকারি সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে।
তবে চার সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফরের উদ্দেশ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে দুই দেশের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
