মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাত। এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক সম্পৃক্ততা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন হুমায়ুন কবির ও শিউনিন রাশীদ।
মানবসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গে হুমায়ুন কবির মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির অনুরোধ জানান।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
