কৃষ্ণসাগরে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নভোরোসিস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। হামলার পর বন্দরনগরী নভোরোসিস্কে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ইউক্রেন জানিয়েছে, কিয়েভ থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে পরিচালিত এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর নভোরোসিস্কে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নরও।
হামলার জবাবে কৃষ্ণসাগর এলাকায় পাল্টা অভিযান চালানোর কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল হামলা চালিয়েছে তাদের বাহিনী। একই অভিযানে একটি জ্বালানি ডিপো ও কয়েকটি বন্দর অবকাঠামো ধ্বংসের দাবিও করেছে রাশিয়া। এ ছাড়া ওডেসার একটি শপিং মলেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।
এদিকে পরিস্থিতি নিয়ে ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজ কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা যাবে না। একই সঙ্গে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নভোরোসিস্কের তেল রপ্তানি অবকাঠামোতেও হামলা না চালানোর জন্য কিয়েভকে সতর্ক করেছে ওয়াশিংটন।
এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে সেটিকে ‘দস্যুতা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
