সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। জন্মদিন উপলক্ষে বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া সারা দেশে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। ১৯৯১ সাল থেকে তিন দফায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।
