সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের প্রথম কর্মসূচিতে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন।
পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর ব্যবহার না করে হেঁটেই রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, তিনি সচিবালয়ের দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। এ সময় তাঁর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার সময় সড়কের পথচারীরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণের আয়োজনও ছিল।
