বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। দাম সমন্বয়ের পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান বহন করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের খরচ হচ্ছে ২৫০ টাকা। দাম সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে দাবি করেন তিনি। সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তাঁর দাবি, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ যোগসাজশ থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রিজভী আরও বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। তাঁর ভাষ্য, বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। তবে লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।
এ ছাড়া প্রশাসনের ভেতরে থাকা একটি অংশের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি নাশকতা বা স্যাবোটেজের চেষ্টা চালাতে পারেন।
