‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। তবে এ জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, প্রমাণ পাওয়া গেলে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে মামলা করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।’
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন একরের বেশি জমি বরাদ্দ পাওয়া গেছে। সেখানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।
নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের সর্ববৃহৎ ‘ফোর্স’ উল্লেখ করে বাহিনীটির বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের প্রশংসা করেন তিনি। বাহিনীর আর্থিকসহ অন্যান্য পর্যায়ক্রমিক দাবিদাওয়া পূরণের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে বলেও দাবি করেন তিনি। রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
