অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রবাহ নিয়ন্ত্রণ ও ভিসাব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন লেবার সরকার। আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সরকারের নতুন পরিকল্পনা তুলে ধরবেন।
পরিকল্পনাটি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগেই প্রকাশ করা হবে।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনায় একবারে বড় ধরনের অভিবাসন ছাঁটাইয়ের ঘোষণা না থাকলেও আগামী দুই বছরের মধ্যে বার্ষিক নিট অভিবাসন ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার রূপরেখা রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি অভিবাসী অস্ট্রেলিয়ায় প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন নীতিতে ভুয়া তথ্যের ভিত্তিতে সুরক্ষা ভিসা বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ঠেকানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের বারবার ভিসার ধরন পরিবর্তন করে অনির্দিষ্টকাল অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
টনি বার্কের নির্ধারিত বক্তব্যের শিরোনাম, ‘অভিবাসন কর্মসূচি ব্যবস্থাপনা: কারা আসবে, কারা থাকবে এবং কারা চলে যাবে’।
