বহুদিনের জল্পনা-কল্পনা ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড অলি ওয়াটকিন্স। ৩০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি ক্লাবটি।
চুক্তির আর্থিক বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি, প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ওয়াটকিন্সকে দলে নিয়েছে আল হিলাল।
আল হিলালে যাওয়ার বিষয়ে ওয়াটকিন্সের আগ্রহের খবর আগে থেকেই প্রকাশ্যে এসেছিল। দলবদলের আলোচনা চলার মধ্যেই এবারের মৌসুমে অ্যাস্টন ভিলার প্রথম ম্যাচে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে কোচ উনাই এমেরি জানিয়েছিলেন, ওয়াটকিন্স ক্ষমা চেয়েছেন।
অবশেষে চুক্তির দুই বছর বাকি থাকতেই অ্যাস্টন ভিলা ছাড়লেন ক্লাবটির প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা ওয়াটকিন্স।
দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তায় ওয়াটকিন্স বলেন, অ্যাস্টন ভিলায় তার সময় এভাবে শেষ হোক, তা তিনি কখনো চাননি।
তিনি বলেন, “আমি কখনোই চাইনি বা কল্পনাও করিনি যে অ্যাস্টন ভিলায় আমার সময়টা এভাবে শেষ হবে। তবে আমি গত ছয় বছরের জন্য চিরকৃতজ্ঞ। এই সময়টা শুধু আমাকে একজন ফুটবলার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও গড়ে তুলেছে।”
এক্সেটার সিটির একাডেমি থেকে উঠে আসা ওয়াটকিন্স ২০১৪ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। ২০১৭ সালে তিনি যোগ দেন ব্রেন্টফোর্ডে। এরপর ২০২০ সালে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান। ভিলাতেই ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি।
অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ৯১ গোল করেছেন ওয়াটকিন্স, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে ভিলার জার্সিতে তার গোলসংখ্যা ১০৮। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেন তিনি। এর মধ্যে ইউরোপা লিগে পাঁচ গোল করে ক্লাবটির ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিদায়বেলায় ভিলার হয়ে কাটানো স্মরণীয় মুহূর্তগুলোর কথাও তুলে ধরেন ওয়াটকিন্স। তিনি বলেন, ছয় মৌসুমে নানা উত্থান-পতনের মধ্যেও ক্লাবটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে গেছেন। লিভারপুলের বিপক্ষে ৭-২ গোলের জয় থেকে শুরু করে ভিলাকে ইউরোপীয় প্রতিযোগিতায় ফেরানো, ভিলা পার্কের চ্যাম্পিয়ন্স লিগের রাত এবং ইস্তানবুলে ইউরোপা লিগ জয়ের স্মৃতি তার কাছে বিশেষ হয়ে থাকবে।
ওয়াটকিন্স বলেন, “এখন একটি নতুন অধ্যায় শুরু করার সময়, যা নিয়ে আমি রোমাঞ্চিত। তবে ভারাক্রান্ত হৃদয়েই আমি এই অধ্যায়টি শেষ করছি। ভিলা আমার কাছে সবসময়ই অনেক অর্থবহ থাকবে।”
অ্যাস্টন ভিলায় খেলাকালেই ইংল্যান্ড জাতীয় দলে ডাক পান ওয়াটকিন্স। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন তিনি।
ওয়াটকিন্সকে হারিয়ে এবার আরও দুর্বল হয়ে পড়ল গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। এবারের দলবদলে এরই মধ্যে ক্লাব ছেড়েছেন মর্গ্যান রজার্স, এমি মার্তিনেস, লুকা দিনিয়ে, এজরি কন্সা ও ইউরি টিলেমান্স।
ওয়াটকিন্সের সম্ভাব্য বিকল্প হিসেবে এরই মধ্যে চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা।
