নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার অভিযোগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। তিনি জানান, ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত দাওয়াতে ওসির অংশ নেওয়ার অভিযোগও ওঠে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
তবে ওসি কেন প্রত্যাহার হয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে জানান হযরত আলী মিলন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে ওসির দাওয়াত খাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এর মধ্যেই ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
