স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ২,২১৬ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে এবং বুধবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়, যা আগের তুলনায় ১ হাজার ৭৫০ টাকা কম। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ৪৫৮ টাকা কম।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছিল।
চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণালংকারের ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না; স্বর্ণের নির্ধারিত মূল্যের মধ্যেই এ ভ্যাট সমন্বিত থাকবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি বিক্রি হবে ২ হাজার ৮৫৭ টাকায়।
