‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান আবারও পরিষ্কার করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এক পডকাস্টে তিনি দাবি করেছেন, গানটির হিন্দি সংস্করণ তৈরির সময় তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি লিরিক্যাল ভিডিওতে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও তাঁকে জানানো হয়নি।
গানটি প্রকাশের পর থেকেই এর কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। এতে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তকে দেখা যায়। গানের কথার পাশাপাশি নোরাকে ঘিরে বিভিন্ন ভিজ্যুয়াল নিয়েও প্রশ্ন ওঠে। পরে এক ভিডিও বার্তায় নোরা জানিয়েছিলেন, গানটির হিন্দি সংস্করণের সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
পডকাস্টে নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির শুটিং করেছিলেন। তবে তখন গানটি কন্নড় ভাষায় ছিল। বড় বাজেটের সিনেমা এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজের সুযোগ থাকায় সে সময় তিনি গানটিতে অংশ নেন।
নোরার অভিযোগ, পরবর্তী সময়ে কন্নড় গানটির হিন্দি সংস্করণ তৈরির সময় তাঁর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, হিন্দিতে ডাব করার সময় এমন কিছু শব্দ ও কথা ব্যবহার করা হয়েছে, যেগুলোর সঙ্গে তিনি একমত নন। এসব পরিবর্তন সম্পর্কেও তাঁকে আগে জানানো হয়নি।
লিরিক্যাল ভিডিও নিয়েও আপত্তি জানিয়েছেন নোরা। তাঁর দাবি, ভিডিওতে তাঁর এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দের নয় এবং ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি।
এ ছাড়া নোরা ও সঞ্জয় দত্তের একটি এআই-তৈরি ছবিও ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
নোরা বলেন, অনেক সময় তাঁর নীরবতাকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করেন। এ কারণেই পুরোনো বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন তিনি।
