সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় তার আশপাশ থেকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বুধবার সংসদে তিনি যে আচরণের মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গণতান্ত্রিক বা সংসদীয় রীতির মধ্যে পড়ে না। তার বক্তব্যের পর অন্য কোনো সংসদ সদস্য চাইলে পাল্টা বক্তব্য দিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। তবে তার অভিযোগ, বক্তব্য দেওয়ার সময় আশপাশ থেকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে।সংসদে ভিন্নমতের সুযোগ নিয়ে প্রশ্ন
রুমিন ফারহানা বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে।
তিনি বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তিনি আক্রমণের মুখে পড়েছিলেন। তার মতে, শুধু ‘না’ ভোট দেওয়ার জন্য বিরোধী দলের ভূমিকায় সংসদে বসে থাকার কোনো অর্থ নেই।
বুধবারের ঘটনার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সংসদে যে ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে এ ধরনের কথা বলার সময় তারাও সংসদে হট্টগোল করত। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।
