ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে সম্ভাবনাটি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলার কোনো প্রয়োজন নেই। তবে একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প প্রশ্নটিকে ‘ফালতু ও বোকা মার্কা’ বলে উড়িয়ে দেন।
ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানকে পরাজিত করেছে। ফলে যে দেশকে হারিয়ে দেওয়া হয়েছে, তার ওপর নতুন করে পারমাণবিক বোমা ব্যবহারের প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই।
তবে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
সম্প্রতি হরমুজ প্রণালির কাছে ইরানের একটি দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এর জবাবে ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়তে শুরু করেছে। দুই দেশের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থান এবং একই সময়ে পারমাণবিক হামলার প্রয়োজন নেই বলে দেওয়া বক্তব্যের ফলে দেশ দুটির মধ্যকার উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: গালফ নিউজ
