ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ চালিয়ে যেতে চায় না। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে চায় কি না, সে সিদ্ধান্ত ওয়াশিংটনকেই নিতে হবে।
যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তেহরান আত্মসমর্পণ করবে না।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি শিগগিরই একটি চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। এসব উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা যুদ্ধের অন্যতম লক্ষ্য। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ তেহরান অস্বীকার করে আসছে।
ইরানের বক্তব্য, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার তাদের রয়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির পক্ষভুক্ত দেশ হিসেবে এই অধিকার রয়েছে বলেও দাবি করেছে তেহরান।
