সরকারের কোনো ধরনের একতরফা সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংবিধান সংস্কার কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনমতের ভিত্তিতে হওয়া উচিত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে দলটির ধর্ম ও সম্প্রীতি সেল এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, সমাজে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের কার্যকর সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনআস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঢেলে সাজানোর দাবি জানান তিনি।
