ঢাকার মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন ছাড়া কোনো সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে হামলা ও লুটপাট চালানোর সাহস পাওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।
হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও করেন মান্না। তাঁর দাবি, প্রায় তিন ঘণ্টা ধরে হামলা চললেও আধা কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ সময়মতো ঘটনাস্থলে আসেনি। এমনকি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে মান্না বলেন, গরিব মা ও প্রসূতিদের চিকিৎসাসেবা দেওয়া এই অলাভজনক প্রতিষ্ঠানে যারা হামলা ও লুটপাট চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশে তো বটেই, পাকিস্তান আমলেও কোনো সেবামূলক হাসপাতালের ওপর এমন হামলার কথা তাঁর জানা নেই।
মান্না বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের কথা বলা হলেও মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত মৌলিক বিষয়গুলোর তেমন পরিবর্তন হয়নি।
তিনি স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার প্রশংসা করে বলেন, সরকার এ ঘটনায় নির্লিপ্ত থাকলে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এসব বিশৃঙ্খলা অবিলম্বে কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।
