ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে অংশ নেওয়ার বিষয় নিয়ে সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি অভিযোগ করেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম মেয়েদের এভাবে মাঠে নামিয়ে ‘অসুন্দর পরিবেশ’ তৈরি করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করীম।
বক্তব্যে তিনি সাদিক কায়েমের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নারী শিক্ষার্থীদের খেলাধুলায় পোশাক নিয়ে আপত্তি জানান।
সম্মেলনে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশ স্বাধীন হলেও মানুষ এখনো ‘প্রকৃত মুক্তি’ পায়নি।
তিনি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার বাড়ছে বলে দাবি করেন এবং এসব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন।
রেজাউল করীম আরও বলেন, প্রচলিত নীতির মাধ্যমে কোনো রাজনৈতিক দলই সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও দলগুলো পরে ভুলে যায় বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
