চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। নাপোলির মাঠে ১-০ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
ম্যাচজুড়ে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল আর্সেনালের। গোলের জন্য তারা মোট ২৬টি শট নেয়, যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নাপোলির পাঁচ শটের তিনটি লক্ষ্যে ছিল।
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। ২২তম মিনিটে মিকেল মেরিনো কাছ থেকে জোরালো হেড নিলেও নাপোলির গোলরক্ষক মেরেত তা ঠেকিয়ে দেন। পরে ৪৫তম মিনিটে সাকাকে ভালো জায়গায় বল বাড়ান ওডেগার্ড। তবে ১০ গজ দূর থেকে সাকার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে।
ক্রিস্তস জলিসের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ওডেগার্ড। নাপোলির গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল ঠেকানোর চেষ্টা করলেও বল তার হাতে লেগে পোস্টে গিয়ে জালে জড়ায়। তাতেই এগিয়ে যায় আর্সেনাল।
শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি নাপোলি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল নাপোলি।
