জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের টিকিটের দাম কম থাকলেও বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ায় টিকিটের দাম বেড়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, নির্বাচনের পর প্রতিটি সেক্টরে মূল্য বৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এর ফলে জনগণের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দ্রুত এ পরিস্থিতি থেকে পরিত্রাণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটও রয়েছে। এসব বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এ সময় মক্কা প্যাক্ট প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই মুখপাত্র। তিনি জানান, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের একটি উপ-কমিটি বিশেষভাবে নজর রাখছে।
