হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল—সম্ভবত ক্ষেপণাস্ত্র বা ড্রোন—দিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা পরিবেশগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত থাকার মধ্যেই ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আল জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়েছে, ওমানের লিমাহ এলাকার প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অজ্ঞাত একটি প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্যাংকারটি সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
সংস্থাটি জানায়, ঘটনার পরপরই সংশ্লিষ্ট আঞ্চলিক কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। হামলার কারণ ও প্রকৃতি জানতে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এ পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর কিংবা পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে, লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের পরিকল্পনার খবর প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ করতে যাচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে হুথি-নিয়ন্ত্রিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা এক বিবৃতিতে জানায়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে হুথি গোষ্ঠী। এরপর রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, তারা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কর বা শুল্ক আরোপের পরিকল্পনা করছে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে হুথিরা।
