সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, রোগী ও স্বজনদের হয়রানি এবং চিকিৎসাসেবা নিতে নানা বিড়ম্বনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা দুইটার দিকে সিলেট নগরের রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়া যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের অসচ্ছল মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেখানে চিকিৎসা নিতে যান। তবে দীর্ঘদিন ধরে রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন ধরনের দুর্ভোগ ও হয়রানির অভিযোগ রয়েছে।
বক্তাদের অভিযোগ, হাসপাতালে প্রবেশের পর চিকিৎসাসেবা নিতে রোগীদের বিভিন্ন ধাপে বিড়ম্বনায় পড়তে হয়। জরুরি বিভাগে রোগী নেওয়া, নিবন্ধন, ভর্তি, ওয়ার্ডে স্থানান্তর, পরীক্ষা-নিরীক্ষা এবং লিফট ব্যবহারের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হয়।
এ ছাড়া পর্যাপ্ত ট্রলি না থাকা ও লিফট-সংকটের কারণে গুরুতর অসুস্থ রোগী এবং তাঁদের স্বজনদের ভোগান্তি আরও বেড়ে যায় বলে দাবি করেন তাঁরা।
সমাবেশ থেকে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধের পাশাপাশি রোগী ও স্বজনদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জরুরি বিভাগের সেবার পরিবেশ উন্নত করা, পর্যাপ্ত ট্রলি ও লিফটের ব্যবস্থা এবং রোগীদের নির্বিঘ্নে পরীক্ষা-নিরীক্ষা ও ওয়ার্ডে স্থানান্তরের ব্যবস্থা করার দাবি তোলা হয়।
বক্তারা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা তাঁর স্বজন যাতে অবহেলা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদসহ আয়োজক সংগঠনগুলোর নেতারা।
