দেশের পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক নির্দেশনার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় সরকারের আরও কয়েকটি উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত তুলে ধরা হয়। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি নতুন প্রকল্প গ্রহণের কথা জানানো হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে, যা অতীতের সর্বোচ্চ। এর আগে সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ছিল ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে। একই সঙ্গে দৈনিক পানি উৎপাদনও বৃদ্ধি পেয়ে গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে।
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম। এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।
