কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় যা কিছু করা দরকার, তা নিশ্চিত করা হবে। কলকাতার ওই হোটেলে দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশে এসে দীনেশ ত্রিবেদী ভালো লাগার কথা জানিয়েছেন।
গতকাল বুধবার কলকাতার একটি হোটেলে আগুনের ঘটনায় বাংলাদেশিসহ কয়েকজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
