প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বুধবার বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা এবং মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন।
বুধবার তাঁর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে স্মরণ করে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে কোকোর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।
