অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরী। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিল চেম্বারে আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে তাকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। কাউন্সিলের ১৪ সদস্যের মধ্যে ৯ জন মাসুদ চৌধুরীর পক্ষে ভোট দেন।
দায়িত্ব পাওয়ার পর মাসুদ চৌধুরী তাকে সমর্থন দেওয়া কাউন্সিল সদস্য এবং উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ডেপুটি মেয়রের দায়িত্ব শুধু একটি পদ বা মর্যাদার বিষয় নয়। স্থানীয় বাসিন্দাদের কথা শোনা এবং কমিউনিটির জন্য কাজ করাই এই দায়িত্বের মূল লক্ষ্য।
মাসুদ চৌধুরীর নির্বাচনের সময় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের গ্যালারিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে মাসুদ চৌধুরী দীর্ঘদিন ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের কাউন্সিল নির্বাচনেও তিনি পুনর্নির্বাচিত হন।
ডেপুটি মেয়র হিসেবে মাসুদ চৌধুরী নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, স্থানীয় জনগণের সেবা, কমিউনিটি উদ্যোগ এবং কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবেন।
তার নতুন দায়িত্ব গ্রহণে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের জন্যও তার এই অর্জন অনুপ্রেরণার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
