পর্তুগালের রাজধানী লিসবনে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাবেক ওয়েস্ট ব্রম মিডফিল্ডার কুইভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সী এই ফুটবলার শনিবার (২২ আগস্ট) ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে পড়ে যান। চিকিৎসাসেবা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে আচমকা মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন, রিয়াল স্পোর্টস ও এস্ত্রেলা দা আমাদোরা।
লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কাস্ত্রোর পরিবার, বন্ধু এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে।
কাস্ত্রো ২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন। পরে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান। লিগ কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে তার সিনিয়র ফুটবলে অভিষেক হয়।
এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেন এই মিডফিল্ডার। ২০২৩ সালে ওয়েস্ট ব্রমের সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটে।
সাবেক এই খেলোয়াড়ের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্ট ব্রম। কাস্ত্রোর স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ব্রমের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
