দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ শিশুর।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত ১৫ হাজার ১৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ১৫০ জন।
তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
