চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে ধরা পড়া মাছটি দেখতে বাজারে ভিড় করছেন উৎসুক ক্রেতা ও দর্শনার্থীরা। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসেবে মাছটির মোট মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাছটি বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। বিকেলে তিনি জানান, সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলারের জালে কোরালটি ধরা পড়ে। পরে সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়।
আনোয়ার হোসেন বলেন, ২০১৯ সালের পর এত বড় কোরাল মাছ আর পাননি। প্রায় চার থেকে পাঁচ বছর পর আবারও এমন আকৃতির একটি মাছ বাজারে আনতে পেরেছেন। তিনি আগ্রহী ক্রেতাদের আগাম বুকিং দেওয়ারও আহ্বান জানান।
বড় আকৃতির কোরাল মাছ সচরাচর বাজারে না আসায় এটি দেখতে অনেকেই বাজারে ভিড় করছেন। ব্যবসায়ীর ভাষ্য, আগামী শনিবার সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।
জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে অনেকটা বিস্তৃত হওয়ায় দূর থেকে এটিকে তিনটি লেজযুক্ত মাছ বলে মনে হয়। এছাড়া এর মাথা ও মুখ তুলনামূলক ছোট এবং শরীরে বাদামি রঙের ছোপ রয়েছে। এসব বৈশিষ্ট্য কই-কোরালের সঙ্গে মিল থাকলেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এর বৈজ্ঞানিক নাম নিশ্চিত করা সম্ভব নয়।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, “কোরাল বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম মূল্যবান প্রজাতি। কোরালের অনেক জাত রয়েছে। ছবি দেখে মনে হয়েছে এটি কোরাল শ্রেণির মাছ। অনেকে একে কই-কোরালও বলেন। সুন্দরবন এলাকায় ধরা পড়েছে বলে শুনেছি। এখন মাছটি চট্টগ্রামের বাজারে এসেছে।”
