আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে এবং সেই আমন্ত্রণপত্র যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এ জোটের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।
এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকুক, সেটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত আগাবে।”
তিনি আরও জানান, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখার পক্ষেই অবস্থান করছে।
