দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকেলে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এ কর্মসূচি ঘিরে একটি মিছিল বের হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’ এবং ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কর্মসূচির কথা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, সরকারদলীয় নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং মানুষের দেওয়া অর্থের মাধ্যমে তাদের চাঁদাবাজির পথ থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, দানের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি সতেরো বছরের ‘অভুক্ত চাঁদাবাজদের’ পুনর্বাসনে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান।
এনসিপির এই নেতার ঘোষণার পর সোমবার বিকেলে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতীকী গণভিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
