সরকারি সফর শেষে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার দেশে ফেরেন তিনি। সফরকালে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও মতবিনিময়ে অংশ নেন সেনাপ্রধান। এসব আলোচনায় বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিরক্ষা শিল্প-সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি আধুনিক সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
