ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ থেকে সফররত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত শোকানুষ্ঠান ও জানাজা কর্মসূচিতে প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে যাওয়া দলটি আগামী ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এস এম খালিদুজ্জামান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রতিনিধিদলটি খামেনির স্মরণে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি, শোকসভা এবং জানাজা-সংক্রান্ত আনুষ্ঠানিকতায় অংশ নেবে। সফরকালে তারা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।
এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক আয়োজন গ্রহণ করা হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে লাখো মানুষের উপস্থিতিতে শোক কর্মসূচি পালিত হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এ জনসমাগমকে জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে তুলে ধরছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জনগণকে শোকানুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের প্রতি জনগণের সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই এ আয়োজন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি সংঘটিত এক সামরিক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং বিভিন্ন শহরে ধারাবাহিক শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
