বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের ৩৬তম জন্মদিনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উদ্দেশে শুভেচ্ছাবার্তা ও একাধিক ছবি শেয়ার করেছেন যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী কবির বাহিয়া। তাঁদের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কৃতি স্যানন ২৭ জুলাই ৩৬ বছরে পা রাখেন। জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর কথিত প্রেমিক কবির বাহিয়ার পোস্ট। ভারতীয় সময় অনুযায়ী জন্মদিনের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির সঙ্গে একটি সেলফি প্রকাশ করে তিনি লেখেন, “Happy K dayyy”। পোস্টে নীল হৃদয়, জন্মদিনের কেক ও পার্টি-ফেস ইমোজিও ব্যবহার করেন। পরে একটি ইয়টে দুজনের আরেকটি ছবিও শেয়ার করেন, যেখানে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি। কৃতি নিজেও পোস্ট দুটি ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতি স্যানন ও কবির বাহিয়ার বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অন্য এক নারীর সঙ্গে কবিরের একটি ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে।
তবে পরে কৃতি তাঁর বছরের প্রথমার্ধের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ করেন। সেখানে পারিবারিক এক অনুষ্ঠানে গায়ক সুখবীরের পরিবেশনা উপভোগ করার একটি ছবিতে কবির বাহিয়াকেও দেখা যায়। ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
এদিকে কবির বাহিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, যে নারীকে ঘিরে গুঞ্জনের সূত্রপাত হয়েছিল, তিনি পরিবারের ঘনিষ্ঠ একজন বন্ধু এবং কবির তাঁকে বোনের মতোই দেখেন। সূত্রটি আরও দাবি করে, ছবিটির ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
সবশেষে কবিরের জন্মদিনের শুভেচ্ছা এবং কৃতির সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে তাঁদের বিচ্ছেদের জল্পনা অনেকটাই থেমে গেছে বলে মনে করা হচ্ছে।
