জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে ওই প্রাতরাশের আয়োজন করা হয়। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এ আয়োজন করেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর শুরু হলেও সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ হবে।
