জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে নিয়ে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী ক্যাম্পাস, বিভাগ কিংবা আবাসিক হলে টিজিং, র্যাগিং বা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আট শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
